টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবাসহ রেজাউল করিম ওরফে রেজা ফকির (৩৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রেজাউল করিম চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।
গোপালপুর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। চর শিমলা এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক মনিরুজ্জামান মুন্নাকেও গ্রেফতার করা হয়। তিনি গুলিপেঁচা গ্রামের লিয়াকত আলীর ছেলে। আরও পড়ুনআরও পড়ুনমানববন্ধনে ব্যানার ধরলেন ‘অভিযুক্ত’ ব্যক্তি
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান জানান, তিনি ছুটিতে আছেন। এ উপজেলায় তিনি নতুন যোগদান করেছেন, তাই গ্রেফতার হওয়া শিক্ষককে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তবে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে ঘটনাটি নিশ্চিত হয়েছেন।
গোপালপুর থানার ওসি মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ (বৃহস্পতিবার) গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।